ঢাকায় ‘টার্মিনেটর ডার্ক ফেইট’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৫১
হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টার্মিনেটর’। গতকাল (১ নভেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে এর নতুন পর্ব ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’। একই দিন ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায় সিনেমাটি। টিম মিলার পরিচালিত এবং জেমস ক্যামেরন ও ডেভিড ইলিসন প্রযোজিত ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। সিনেমাটি দর্শকদের জন্য দারুণ সব চমক নিয়ে হাজির হচ্ছে। এতে অ্যাকশন হিরো আর্নল্ড শোয়ার্জনেগারের বিপরীতে দীর্ঘ বিরতির পর অভিনয় করেছেন অ্যাকশন কুইন লিন্ডা হ্যামিলটন। এবার প্রধান চরিত্রেই থাকছেন তিনি। বিখ্যাত সারাহ কনর চরিত্রে আবারও অভিনয় করবেন এই তারকা।
৬৩ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ১৯৯১ সালের ‘জাজমেন্ট ডে’র পর ফের একবার টার্মিনেটরের স্বাদ পাওয়া এই সিনেমায়। অ্যাকশন দৃশ্যগুলো থাকছে আগের চেয়ে দশগুণ বড়। আর্নল্ড শোয়ার্জনেগারের ভাষ্যে, ‘কঠোর পরিশ্রম কর এবং নিষ্ঠার সঙ্গে খেল।’ মূলত পুরো সিনেমাটি এই নীতির ওপরেই দাঁড়িয়ে। তিনি বলেন, ‘আমার মতে এটি একেবারেই ভিন্ন গল্পের আরেকটি টার্মিনেটর সিনেমা। আর এর পুরোটা জুড়ে জেমস ক্যামেরনের ছোঁয়া রয়েছে। তাই এটা সেই পুরনো টার্মিনেটরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। এখন পর্যন্ত যতগুলো টার্মিনেটর সিনেমা দর্শকরা পেয়েছেন, তার মধ্যে এটাতেই সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য থাকছে।’

