ইন্ডিয়া-বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচ গাইবেন রুনা লায়লা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৯
বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। শুধু তাই নয়, দু’দল খেলবে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচও। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে দিবারাত্রির ম্যাচটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রিত অতিথি।
ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে টেস্ট শুরুর আগে সংক্ষিপ্তাকারে অনুষ্ঠিত হবে গান পরিবেশনা। আর সেই অনুষ্ঠানেই গান পরিবেশনা করতে দেখা যাবে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। তিনি ছাড়াও সেখানে পরিবেশনা করবেন ইন্ডিয়ার শ্রেয়া ঘোষাল। জানা গেছে, কলকাতা টেস্টে উপস্থিত থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ স্মারকের ব্যবস্থা করছেন সৌরভ গাঙ্গুলী। তাকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) পক্ষ থেকে ক্রিকেট বলের আকৃতির স্মারক ও স্বর্ণের মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দু’দিন দেখা যেতে পারে ইন্ডিয়ার সমস্ত টেস্ট অধিনায়ককে। প্রথম দিন জাতীয় সঙ্গীতের সময় দু’দলের ক্রিকেটারদের সঙ্গে সাবেক অধিনায়কদেরও দেখা যেতে পারে। এছাড়াও থাকবেন টেনিস তারকা সানিয়া মির্জা, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকেও।

