সাবেক মেয়রের মৃত্যুতে ঢাকার ২ মেয়রের শোক
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৩
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান ঢাকা দুই সিটির মেয়র। গতকাল সোমবার (৪ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম আলাদাভাবে শোক জানান। মেয়র সাঈদ খোকন তার শোকবার্তায় বলেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অরপদিকে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে খোকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। গতকাল সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ওই হাসপাতালে তাকে ভর্তি করার পর ২৭ অক্টোবর খোকার শ্বাসনালী থেকে টিউমার অপসারণ করা হয়।

