বঙ্গবন্ধুর হত্যার বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬
বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেলহত্যা দিবস স্মরণে গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ও চৌদ্দ দলের সমন্বয়ক নাসিম বলেন, যে গণতন্ত্র মানুষকে বিচার দেয় না, ন্যায় প্রতিষ্ঠা করে না আমরা সেই গণতন্ত্র চাই না। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার খুনি ও হত্যায় ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। জিয়াউর রহমান কালো আইন তৈরি করে খুনিদের বাঁচিয়ে দিয়েছিলেন। তখন গণতন্ত্র কোথায় ছিল? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িতদের বিচার করেছেন। এর মাধ্যমে তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধারের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার ছিল আত্মার বন্ধন। কারণ তারা জানতেন একমাত্র বঙ্গবন্ধুই পারে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিতে। এই চার নেতা জীবন দিয়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ও দেশের সঙ্গে বেঈমানী করেননি। এ সময় তিনি একটি কমিশন গঠন করে জেলহত্যায় জড়িত ও ষড়যন্ত্রকারীদের বিচারের জন্য আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ছেলে ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু রাজশাহীকে অনেক গুরুত্ব দিয়েছেন।

