কাম্প নউয়ে বার্সেলোনাকে রুখে দিল স্লাভিয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
আগের ম্যাচে কোনোমতে জয় নিয়ে ফিরলেও ঘরের মাঠে স্লাভিয়া প্রাহাকে হারাতে পারল না বার্সেলোনা। অখ্যাত স্লাভিয়ার কাছে এই ড্র মানে তো একপ্রকার জয়। কাম্প নউয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ‘এফ’ গ্রুপে চতুর্থ রাউন্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। প্রথম পাঁচ মিনিটে দুবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় স্লাভিয়া। দ্বিতীয়বার বিপদের হুমকি ছিল; মিডফিল্ডার সেভচিকের দুর্বল শট জেরার্দ পিকের পায়ে লেগে ভিতরে ঢুকতে পারতো, শেষ মুহূর্তে হাত দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। চতুর্দশ মিনিটে বাঁ দিক দিয়ে আরেকবার পাল্টা আক্রমণে উঠতে যাওয়া ওলাইয়াঙ্কাকে পেছন থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পিকে। আগামী ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারবেন না এই সেন্টার-ব্যাক। প্রথম ২৫ মিনিটে বার্সেলোনার পারফরম্যান্স ছিল সাদামাটা। তাদের ভুল পাস ও বারবার বল হারানোর দৃশ্য ছিল দৃষ্টিকটু। ৩৪তম মিনিটে ম্যাচে প্রথমবার মেসিকে দেখা যায় স্বরূপে। সুযোগও পেয়েছিল তারা; কিন্তু ভাগ্য সহায় ছিল না। মাঝমাঠ থেকে গতিতে একজনকে পেছনে ফেলে আরেকজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার ট্রেডমার্ক শট ক্রসবারে লাগে। বিরতির আগে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ানো বার্সেলোনাকে ৪৩তম মিনিটে দুবার বিমুখ করেন স্লাভিয়া গোলরক্ষক। প্রথমবার আর্তুরো ভিদালের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে মেসির নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান কোলার। ওই কর্নারেই পিকের জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন চেক রিপাবলিকের এই গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আবারও নিশ্চিত সুযোগ নষ্টের হতাশায় পোড়ে বার্সেলোনা। ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি সের্হি রবের্তো, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোলার। দুই মিনিট পর মেসির পাস ধরে জালে পাঠান ভিদাল, কিন্তু এর আগে অফসাইডে ছিলেন মেসি। ৭৭তম মিনিটে আর্জেন্টাইন তারকার কাছ থেকে নেওয়া আরেকটি প্রচষ্টা গোলরক্ষক রুখে দিলে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চেক রিপাবলিকের দল স্লাভিয়া। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্লাভিয়া।

