খোকার লাশ পৌঁছাবে সকালে, দাফন সন্ধ্যায়, ডিএসসিসিতে আজ ছুটি

খোকার লাশ পৌঁছাবে সকালে, দাফন সন্ধ্যায়, ডিএসসিসিতে আজ ছুটি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২০

বীরমুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার লাশ দেশে পৌঁছাবে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে। এদিন ৪টি স্থানে তার নামাজে জানাজা শেষে সন্ধ্যায় বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে খোকার মরদেহ। এদিকে সাবেক মেয়রের মৃত্যুতে তার সম্মানে এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ঢাকায় ৪টি জানাজা শেষে সাদেক খোকাকে জুরাইন গোরস্থানে দাফন করা হবে। এর আগে গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে আমেরিকার নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিত্সাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিএনপি দলীয়ভাবে খোকার জন্য শোক দিবস পালন করেছে। দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বুধবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্র থেকে বিমানে সাদেক হোসেন খোকার লাশসহ তার স্বজনরা রওয়ানা হন। এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুবাইতে যাত্রাবিরতি করে লাশবহন করা বিমানটি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮.২০ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সাদেক হোসেন খোকার লাশবাহী বিমানটি পৌঁছাবে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জ্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদসহ দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।’

এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাদেক হোসেন খোকার লাশ ঢাকায় আসার পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন এবং সেখানে তৃতীয় জানাজা হবে। ’ এর আগে সোমবার (৪ নভেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় এশার নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে খোকার প্রথম জানাজা হয়। বিএনপির সূত্র জানায়, দলের অফিসের সামনে জানাজা হওয়ার পর বিএনপির ঢাকার প্রভাবশালী এই নেতার লাশ তার অনুরাগী ও ক্রীড়া সংগঠকদের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে মতিঝিলের ব্রাদার্স ক্লাবে। সেখান থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নেয়া হবে। সেখানে অনুষ্ঠিত হবে চতুর্থ জানাজা। এর পর ধূপখোলা মাঠে বাদ আছর হবে পঞ্চম জানাজা। সেখান থেকে জুরাইন গোরস্থানে মা সালেহা খাতুনের কবরে সাদেক হোসেন খোকাকে দাফন করা হবে। খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মায়ের কবরেই দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে।

ডিএসসিসির ছুটি: জানা গেছে, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ বৃহস্পতিবার ডিএসসিসিতে ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিটি করপোরেশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। এর ফলে বৃহস্পতিবার করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। এদিন বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading