পুঁজিবাজারে চাঙ্গাভাব
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০
চাঙ্গাভাবে ফিরছে বাংলাদেশের পুঁজিবাজারে। লেনদেনের পাশপাশি বাড়ছে মূল্যসূচক। সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবার (৬ নভেম্বর) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়েছে। শতাংশ হিসাবে যা ১ দশমিক ০৮ শতাংশ। আগের দিন গত মঙ্গলবার (৫ নভেম্বর) এই সূচক ২৫ পয়েন্ট বেড়েছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৬৫ পয়েন্ট। গত মঙ্গলবার বেড়েছিল ৫৫ পয়েন্ট। গতকাল বুধবার দুই বাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ঢাকায় ৩৮৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সোমবার এই বাজারে ৩০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল বুধবার সিএসইতে ১৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সোমবার লেনদেনের অংক ছিল ১২ কোটি ১৫ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৮১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক ৫০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৯ দশমিক ৩২ পয়েন্টে।

