প্রেক্ষাগৃহে জয়ার কণ্ঠ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৫৮
সাফটা চুক্তির আওতায় আজ (৮ নভেম্বর) সারাদেশের প্রায় ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। ছবিটির প্রচারণার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন নির্মাতারা। গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এর উদ্ধোধনী প্রদর্শনী। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে পরিচিত সংবাদকর্মী ও কাছের মানুষদের সাথে নিয়ে এ উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ। এর আগে সংবাদ সম্মেলনে ছবি প্রসঙ্গে জয়া বলেন, ‘এই ছবিটি জীবন শক্তির কথা বলে। লড়াই করার কথা বলে। এতে কাজ করতে গিয়ে জীবনকে নতুন করে দেখতে শিখেছি। একজন শিল্পীর সবসময় ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ হয় না। এই ছবিতে কাজ করতে গিয়ে আমি লড়াই করা শিখেছি। এতে অভিনয় করে আমি আত্মতৃপ্তি পেয়েছি।’ সংবাদ সম্মেলনে নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি বলেন, ‘জয়া আহসান শুধু বাংলাদেশের গর্ব নয়, পশ্চিম বাংলারও গর্ব। একের পর এক কাজ করে যাচ্ছে। জয়া যেভাবে এই সিনেমার রোলটা করেছে আমার মনে সারা দুনিয়ার মানুষ মনে রাখবে। যারা সিনেমা ভালোবাসেন তারা সিনেমাটা দেখবেন শুধু জয়া আহসানের জন্য।’ মুভির গল্প অর্জুন মল্লিককে ঘিরে। যিনি পেশায় রেডিও জকি। ক্যান্সারের কারণে অর্জুনের ভয়েজ কর্ডটাই কেটে বাদ দিতে হয়। তারপর থেকে সবকিছুই লিখে বোঝাতে হয় তাকে। চাইলেও একটু আওয়াজ বের হয় না গলা দিয়ে। ধীরে ধীরে কীভাবে ফিরে পাবে সে হারিয়ে যাওয়া জীবনের রসদ? একেবারে যে আওয়াজ হারিয়ে গিয়েছে তা নয়, তৈরি হবে নতুন স্বর। সেটাই দেখাবে ছবি। আর এতে অর্জুনকে সাহায্য করবে জয়া। এতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদকে। তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম আর স্পিচ থেরাপিস্টের মূখ্য চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এদিকে ‘কণ্ঠ’র বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে জয়ার আরেক ছবি খাঁচা। তবে এর নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি।

