ইটিভি’র সাবেক চেয়ারম্যান সালামের মামলার রায় যেকোনও দিন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:১৬
অর্থ পাচারের মামলা বাতিল চেয়ে একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের আবেদনে জারি করা রুলের ওপর শুনানি গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেষ হয়েছে। শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। এডভোকেট খুরশীদ আলম খান’ জানান, মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেছিলেন। এরপর আদালত রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার রুল শুনানি শেষে রায়ের জন্য সিএভি রেখেছেন হাইকোর্ট। ২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

