চট্টগ্রাম বন্দরে কাজ শুরু, বিমানবন্দরও চালু
উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১১:১২
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহওয়া অধিদপ্তর বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম সমুদ্রবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড় বুলবুল শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।
সেই সঙ্গে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও রোববার সকাল থেকে বিমান ওঠানামা শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল। রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছানোর পর বৃষ্টি ঝরিয়ে সকালে এ ঝড় পরিণত হয় গভীর স্থল নিম্নচাপে।
বুলবুল বাংলাদেশ উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে শুক্রবার সন্ধ্যায় মোংলা ও পায়রায় ৭ নম্বর এবং চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করে আবহাওয়া অফিস। পাশাপাশি কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।
এরপর ওই রাতেই চট্টগ্রামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বন্দর জেটিতে তখন ১৮টি জাহাজ ছিল। আর বহির্নোঙ্গরে ছিল ১৪৯টি জাহাজ। এর মধ্যে ৫৩টি জাহাজ জেটিতে আসার অপেক্ষায় ছিল।
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর সংকেত বাড়িয়ে মোংলা ও পায়রায় ১০ নম্বর এবং চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরে তখন চার মাত্রার সতর্কতা জারি করে; বন্দরের জেটি থেকে সব জাহাজ বহির্নোঙ্গরের দিকে পাঠিয়ে দেওয়া হয়।
বন্দর সচিব ওমর ফারুক জানান, ঝড়ের বিপদ কেটে যাওয়ার পর রোববার সকালে চার মাত্রার সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।
“এখন কাজকর্ম স্বাভাবিক হচ্ছে। বহির্নোঙ্গরে পাঠানো জাহাজগুলোকে জেটিতে ফিরিয়ে আনা হচ্ছে। বহির্নোঙ্গরেও পণ্য খালাস শুরু হচ্ছে।”
এদিকে ঝড় এগিয়ে আসায় শনিবার বিকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশনও ১৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম বলেন, আবহাওয়া অফিস বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলার পর রোববার সকাল ৭টা থেকে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
সকাল ৮টা ৩৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরর একটি ফ্লাইট ঢাকা থেকে এসে চট্টগ্রামে নামে বলে জানান তিনি।

