ফুড ডেলিভারি ম্যান ইরফান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৬
সাইকেল চালিয়ে সকাল সকাল রোজকার রোজি করতে বেরিয়ে যাওয়া ছেলেটির নাম ঈশান। বয়স শেষ হয়ে আসলেও ভালো কোনো চাকরি পায়নি সে। বাবা চিরবিদায় নেওয়ার পর ছোটবোন আর মাকে নিয়ে তার সংসার। বোন মাস্টার্স পড়ছে আর মা গৃহিণী। প্রতিদিন যে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বের হয় ঈশান, সেদিক দিয়েই সকাল সকাল একটি মেয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটে। মেয়েটি লক্ষ্য করে, ছেলেটি বয়স্ক কোনো ভিক্ষুক পুরুষ দেখলেই সাইকেল থামিয়ে তাকে ১০ টাকা করে দেয়! বিষয়টি বেশ কয়েকদিন চোখে পড়ে মেয়েটির। একদিন মেয়েটির ফ্ল্যাটে খাবার ডেলিভারি দিতে যায় ছেলেটি। এ সময় ঈশান ও মেয়েটি দুজনেই চুপচাপ। ছেলেটি খাবার দিয়ে চলে আসে, কিন্তু ডেলিভারি চার্জ আনতে ভুলে যায় সে। পথিমধ্যে মনে হলে ফিরে গিয়ে টাকা আনতে লজ্জাবোধ করেন ইশান। এমন গল্পে সম্প্রতি নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুড ডেলিভারি ম্যান’। সঞ্জীবন চক্রবর্তীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। আর প্রযোজনা করেছেন আতিকুর রহমান। নাটকে ফুড ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। আর তার বিপরীতে যে মেয়েটি অভিনয় করেছেন তিনি হচ্ছেন সাফা কবির। নির্মাতা জানান, ইরফান সাজ্জাদ ও সাফা কবির জুটিকে ভিন্নভাবে দেখা যাবে নাটকটিতে। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

