ওয়ানডে র্যাংকিং থেকেও বাদ সাকিব
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
একদিন আগেই অস্ট্রেলিয়া-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের র্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ র্যাংকিংয়ের তিন ক্যাটাগরিতে কোথাও রাখা হয়নি সাকিবের নাম। এবার ওয়ানডে র্যাংকিংয়েও নেই আইসিসি কর্তৃক ২ বছর নিষিদ্ধ এই অলরাউন্ডারের নাম। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ের তিন ক্যাটাগরিতে কোথাও রাখা হয়নি সাকিবের নাম। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ ১০০ জনের তালিকায় নেই তিনি। একইভাবে এর আগে টি-টোয়েন্টি র্যাংকিং থেকেও বাদ দেওয়া হয় তাকে। তবে টেস্ট র্যাংকিংয়ে এখনও তার নাম রাখা হয়েছে। ইন্ডিয়ান জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার পরও তা আইসিসি কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) না জানানোয় ইন্ডিয়া সিরিজের ঠিক আগ মুহূর্তে সাকিবকে নিষিদ্ধ করা হয়। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়াই টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। এদিকে ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ইন্ডিয়ান অধিনায়ক বিরাট কোহলি। আর বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তারই সতীর্থ জসপ্রীত বুমরাহ। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

