বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে জ্যামাইকায় সভা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে সম্প্রতি জ্যামাইকায় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির আলী খানের সভাপতিত্বে আয়োজিত সভা যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ফাহিম রেজা নূর ও কবীর কিরণ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আয়োজনের গুরুত্ব, প্রেক্ষাপট ও প্রাথমিক প্রস্তুতির কথা জানিয়ে নাসির আলী খান বলেন, আমরা ব্যাপক আয়োজনে প্রবাসী বাঙালিদের নিয়ে জ্যামাইকায় দিনব্যাপী উত্সবমুখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদ্যাপন করতে চাই। এ জন্য প্রাথমিকভাবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর সার্বিক আয়োজনের জন্য এই প্রথম প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের জন্য ৭০ হাজার থেকে এক লাখ ডলার ব্যয় হবে। অনুষ্ঠানটি সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় বক্তারা বলেন, আমরা কাউকে যথাযথভাবে সম্মান জানাতে না পারলেও কাউকে অপমান না করি। অনুষ্ঠানটি জ্যামাইকায় আয়োজিত হলেও এটি যেন জ্যামাইকাপ্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে পরিণত না হয়। অনুষ্ঠানটি হতে হবে সব প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান। আর তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানো হবে। কারণ বঙ্গবন্ধু কোনো একক দল বা গোষ্ঠীর নয়, বঙ্গবন্ধু সবার, সব বাংলাদেশির, সব বাঙালির নেতা। সভায় কোনো কোনো বক্তা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান হতে হবে তাকে বিশ্ব দরবারে তুলে ধরার অনুষ্ঠান।

