বাংলাদেশের কাউকে ছোট করে দেখছি না কোহলি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দল ইন্ডিয়া, আর নবম স্থানে বাংলাদেশ। শক্তিমত্তাতেও অনেক এগিয়ে বিরাট কোহলির দল। সবশেষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে তারা। আজ (১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইন্ডিয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ইন্দোরের এই ম্যাচটি টেস্টের স্বাভাবিক নিয়মে হলেও ২২ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া ম্যাচটি হবে দিন-রাতের। অর্থাত্ প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে হবে দল দুটিকে। সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষের জন্য যথেষ্ট সম্মানও রয়েছে তার। টি-টোয়েন্টি সিরিজে ছুটিতে ছিলেন কোহলি। সাদা পোশাকে দলের হাল ধরতে প্রস্তুত। সম্প্রতি ব্যাট হাতে অনুশীলনেও ব্যস্ত সময় পাড় করতে দেখা গেছে তাকে। তাও আবার গোলাপি বলে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইন্ডিয়া দলপতি বলেন, ‘আমরা গোলাপি বলে খেলতে মুখিয়ে রয়েছি। আমি গোলাপি বলে খেলেছি। তুলনামূলক বেশি সুইং করে এটি।’ ২০০০ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া। এর পর দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। ৭টিতে জয় পেয়েছে ইন্ডিয়া। দুটি ম্যাচ ড্র হলেও এর কৃতিত্ব ছিল বৃষ্টির। ২০১৭ সালের পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে বিরাট কোহলি জানাচ্ছেন টাইগারদের নিয়ে সতর্ক তার দল। ‘তারা আমাদের মতো একই রকম কন্ডিশনে খেলে আসছে। তারা নিজেদের গেম প্ল্যান জানে। কি করতে হবে সেটাও জানে। আমাদের ভালো খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা কাউকে ছোট করে দেখছি না। বাংলাদেশের কোনও ব্যাটসম্যান বা বোলারকে খাটো করে দেখছি না। তারা অনেক কৌশলী। ভালো ক্রিকেট উপহার দেয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে। তাদের প্রতি আমার সম্মান রয়েছে। তবে এর থেকে বড় জিনিসটি হচ্ছে দলের প্রতি আমার পূর্ণ আস্থা।’ হলকার স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুমিনুল হক।
ইন্ডিয়া: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, উমেষ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।
বাংলাদেশ: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।

