ইন্ডিয়া-বাংলাদেশ দিবারাত্রির টেস্ট এগিয়ে আসল সময়
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৯
চলতি মাসের ২২ তারিখ প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইন্ডিয়া। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ ও কলকাতা পাশাপাশি অবস্থিত হওয়ায় আবহাওয়া প্রায় একই। নভেম্বরের শেষ দিকে সন্ধ্যার পর কুয়াশা ও শিশির পড়ে। সেক্ষেত্রে বাংলাদেশ-ইন্ডিয়া দিবারাত্রির টেস্টে শিশির একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই বিষয়টি নিয়ে অবশ্য আগেও আলোচনা হয়েছে। সে কারণে শিশিরের বিষয়টি মাথায় রেখে প্রথম দিবারাত্রির টেস্টের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ইন্ডিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা ও ইডেন গার্ডেনের কিউরেটরের দেওয়ার তথ্যমতে, দিবারাত্রির টেস্টটি শুরু হবে দুপুর ১টায়। আর শেষ হবে রাত ৮টায়। কারণ, রাত ৮টার পর শিশির ঝরার মাত্রা সাধারণতই বেড়ে যাবে। শিশিরের বিষয়টি মাথায় রেখে বিসিআইয়ের কাছে সময় পরিবর্তন করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুরোধ জানিয়ে রেখেছিল। অবশেষে বিষয়টির সঙ্গে একমত হয়েছে বিসিসিআইও। এ বিষয়ে সিএবি’র কিউরেটর সুজন মুখার্জী বলেছেন, ‘ডিউ ফ্যাক্টরের বিষয়টি মাথায় রেখে সময় পরিবর্তনের জন্য বিসিসিআই’র কাছে সিএবি’র করা অনুরোধ আমলে নেওয়া হয়েছে।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

