অর্ধাঙ্গিনী’র জন্য কলকাতায় জয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
সাফটা চুক্তির আওতায় গত ৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘কণ্ঠ’। ছবিটির মুক্তির জন্য বেশ ব্যস্ত সময় কাটছিলো জয়ার। সেই ব্যস্ততা শেষ করেই কলকাতায় উড়াল দিলেন তিনি। শুরু করলেন নতুন ছবির কাজ। যার নাম ‘অর্ধাঙ্গিনী’। গত সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটির কাজ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘অর্ধাঙ্গিনী’ হতে যাচ্ছে একজন পুরুষের জীবন ঘিরে দুই সাহসী নারীর গল্প। একজন প্রাক্তন স্ত্রী একজন বর্তমান। এর একটিতে অভিনয় করবেন জয়া আহসান এবং অন্য নারীর চরিত্রে অভিনয় করবেন কৌশিক গাঙ্গুলির স্ত্রী চূর্ণী গাঙ্গুলি। শোনা যাচ্ছিল স্বামীর চরিত্রে অভিনয় করতে পারেন কৌশিক গাঙ্গুলি নিজেই। কিন্তু জানা গেছে এই চরিত্রে থাকছেন কৌশিক সেন। এর আগে কৌশিক গাঙ্গুলীর ‘বিসর্জন’ ও ‘বিজয়া’তে অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন জয়া আহসান। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিসর্জন’ ‘সেরা বাংলা চলচ্চিত্র’ বিভাগে ইন্ডিয়ার ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে। জয়া জানিয়েছেন নির্মাতার সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি খুবই খুশি। মুক্তি অপেক্ষায় রয়েছে জয়ার নতুন ছবি ‘রবিবার’। অতনু ঘোষ পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জয়া অভিনয় করছেন প্রসেনজিতের সঙ্গে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর।

