দুর্নীতি-মাদক-সন্ত্রাসবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর সাফ কথা ‘অভিযান অব্যাহত থাকবে’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২
উন্নয়ন অব্যাহত রাখতে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান চলছে, তা অব্যাহত থাকবে।’ গতকাল শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কেন দুর্নীতি করে টাকা বাড়াতে হবে? সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দুর্নীতি, অসত্ উপায়ে অর্থ উপার্জন করে তা দিয়ে বিলাসবহুল জীবন-যাপন, ফুটানি-ফাটানি কখনও এ দেশের মানুষ বরদাশত করবে না। অসত্ পথে উপর্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সত্ পথে উপর্জিত অর্থে নুন-ভাত খাওয়া অনেক সম্মানের।’ শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর আমার পরিবারের দুর্নীতি খুঁজে বের করতে গিয়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতি বেরিয়ে আসে। তাদের চক্রান্ত অনেক দূর পর্যন্ত। তারা খুনি, যুদ্ধাপরাধীদের মদদ দেয়। ‘৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে তারা আবার বড় বড় কথা বলে।’ তিনি বলেন, ‘তারা যেন এই দেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’ সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব দেশের মানুষের জন্য কাজ করা। কতটুকু পেলেন সেটা একজন রাজনীতিবিদের বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো কতটুকু তিনি দিতে পারলেন সেটা। এই মানসিকতাসম্পন্ন রাজনীতিবিদের মৃত্যু নেই। দু’দিনের মধ্যে পেঁয়াজ ভর্তি বিমান পৌঁছবে: চলমান পেঁয়াজ সংকট’ ও উচ্চমূল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানীর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে বিমানে পেঁয়াজ এসে পৌঁছবে। প্রধানমন্ত্রী বলেন, ‘পেঁয়াজে মূল্য বৃদ্ধির এই সমস্যা যাতে না থাকে সে লক্ষে কার্গো ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামী কাল-পরশুর মধ্যেই এই বিমানের পেঁয়াজ এসে পৌঁছাবে।’ পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কোনও ষড়যন্ত্র থাকলে সরকার তা খতিয়ে দেখবে উল্লেখ করে তিনি বলেন, পেঁয়াজ নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে, সব দেশেই পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা ঠিক। কিন্তু আমাদের দেশে কি কারণে এত লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বাড়ছে, জানিনা।’ তিনি বলেন, ‘আমরা দেখতে চাই যে, এই ধরণের চক্রান্তের সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি এখন পেঁয়াজ মজুদ করে দাম বাড়িয়ে দু’টাকা কামাতে চান, তাদের এটাও চিন্তা করতে হবে- পেঁয়াজতো পঁচেও যাবে। সেই পঁচা পেঁয়াজও এখন শুকানোর চেষ্টা হচ্ছে। তবে, মানুষকে কষ্ট দেওয়াটা কেন?’ তিনি ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে দেশের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত একটি স্বার্থন্বেষী মহলের কঠোর সমালোচনা করে বলেন, ‘মানুষ যখন ভাল থাকে, সুস্থ থাকে। তখন একটি শ্রেণী আছে তারা মনকষ্টে ভোগে, অসুস্থতায় ভোগে। তাদের এই রোগ কিভাবে সারানো যায় সেটা জনগণই বিবেচনা করবে, তারা দেখবে।’

