মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

মেডিকেল-ইঞ্জিনিয়ারিং-নার্সিং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেবে সরকার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ মে, ২০২৬, আপডেট ১৬:৩৫

সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিএসসি (নার্সিং) কোর্সে প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এই সহায়তার জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে পর্যন্ত।

ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। সহায়তার জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে ৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। পড়াশোনার সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে মেডিকেল পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং ইঞ্জিনিয়ারিং ও নার্সিং পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪ বছর এই সুবিধা পাবেন।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, প্রতিবছর তিন ক্যাটাগরিতে (১০ জন করে) মোট ৩০ জন শিক্ষার্থীকে এই সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। প্রথমে ট্রাস্টের ‘প্রাথমিক যাচাই-বাছাই কমিটি’ এবং পরবর্তীতে ‘বাছাই কমিটি’র মাধ্যমে ৩৯ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করে তাদের আর্থিক অবস্থা সরেজমিনে যাচাই করা হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

যে পদ্ধতিতে করতে হবে আবেদন
আগ্রহী শিক্ষার্থীদের ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদন ফরমের সাথে শিক্ষার্থীর ছবি, এইচএসসির নম্বরপত্র, জন্ম নিবন্ধন, এনআইডি এবং অভিভাবকের অসচ্ছলতার প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে সরাসরি বা ডাকযোগে ট্রাস্টের ধানমন্ডি কার্যালয়ে পাঠাতে হবে।

ট্রাস্ট জানিয়েছে, আর্থিক সহায়তার অর্থ নির্বাচিত শিক্ষার্থীর অনলাইন ব্যাংক হিসাবে সরাসরি পাঠানো হবে এবং তাদের মোবাইল এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হবে।

এ ছাড়া, আবেদন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ হেল্পলাইন নম্বরগুলোতে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading