এমার্জিং এশিয়া কাপ বাংলাদেশের কাছে ইন্ডিয়ার হার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০
ইন্দোরে ইন্ডিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। তবে এমার্জিং এশিয়া কাপে ঘরের মাঠে ইন্ডিয়াকে ধরাশায়ী করেছে সুমন-শান্ত-সৌম্যরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নং মাঠে ইন্ডিয়াকে ৬ উইকেটে হারিয়েছে এমার্জিং বাংলাদেশ দল। গত শনিবার (১৬ নভেম্বর) সকালে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সুমন খানের বোলিং তোপে ২৪৬ রানে অলআউট হয়। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও ৪ উইকেট নেন সুমন। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ৯৪ ও সৌম্য সরকারের ৭৩ রানের ইনিংসে ভর করে ৪৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ২ ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। আজ সোমবার (১৮ নভেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়াকে ৬ উইকেটে হারিয়েছে। শেষ ম্যাচে ব্যবধানটা কত হয় দেখার বিষয়।

