রোবট নয় কর্মী খুঁজছে অ্যাডিডাস
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
জার্মানি ও আমেরিকায় রোবোটিক ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে জুতা ও পোশাক নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ২০২০ সালের এপ্রিলে আনসবাচ ও আটলান্টা নামের দুটি ‘স্পিডফ্যাক্টরি’ বন্ধ হয়ে যাবে। দ্রুত সময়ে স্বয়ংক্রিয়ভাবে অধিক সংখ্যক জুতা তৈরি করে প্রধান প্রধান মার্কেটে সরবরাহের জন্য ২০১৬ ও ২০১৭ সালে ফ্যাক্টরি দুটি চালু করা হয়। এশিয়ার দেশগুলোতে শ্রমিকদের মজুরি ও বাজারে সরবরাহের বৃদ্ধি পাওয়ায় বিকল্প হিসেবে ফ্যাক্টরি দুটি খোলা হয়েছিলো। তবে এতে লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত সেই চীন ও ভিয়েতনামেই ফ্যাক্টরি খুলতে হচ্ছে। সেখানে রোবটের বদলে কর্মীদের হাতের সংস্পর্শে তৈরি হবে জুতা। কি কারণে ফ্যাক্টরি দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে তা খোলাসা করেনি অ্যাডিডাস। তবে সেখানে উত্পাদন খরচ বৃদ্ধি ও ভিন্ন মডেলের পণ্যের জন্য একই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছিলো না। রোবোটিক ফ্যাক্টরিগুলো বেশ অত্যাধুনিক ও শক্তিশালী। তবে চাহিদা মতো অন্য মডেলের পণ্য এতে সহজে উত্পাদন করা যায় না। কারণ রোবটগুলোর সেটআপ ও কম্পিউটার ভিশন সিস্টেম বদলাতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এর চেয়ে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ভিন্ন মডেলের পণ্য উত্পাদন করাই সহজ মনে করছে অ্যাডিডাস। ১৯৪৯ সালে অ্যাডিডাস কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যাডি ডাসলার। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অ্যাডিডাসের বেশির ভাগ পণ্য উত্পাদন করা হয় এশিয়ায়। বর্তমানে ১০ লাখ লোক চুক্তি ভিত্তিতে অ্যাডিডাসের ফ্যাক্টরিগুলোতে কাজ করেন। ফ্যাক্টরিগুলোর বেশিরভাগই চীন ও ভিয়েতনামে অবস্থিত। সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ ও নিউইয়র্ক পোস্ট

