টয়ার সাইলেন্স প্রপোজ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৬
২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার’এর মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন তিনি মুমতাহিনা টয়া। স্লিগ্ধ রূপের সৌন্দর্য আর অভিনয় গুণে সবার কাছে গ্রহযোগ্য এই অভিনেত্রী। নিয়মিত কাজ করছেন ছোটপর্দায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অভিনয় করলেন ‘সাইলেন্স প্রপোজ’ শিরোনামের একটি নাটকে। এটি নির্মাণ ও পরিচালনা করেছেন নির্মাতা মিলাদ বড় ভূঁইয়া। এই নাটকের মধ্য দিয়েই প্রায় তিন বছর পর নাটক নির্মাণে ফিরলেন তিনি। নাটকটিতে দেখা যাবে, বাকপ্রতিবন্ধিরা সমাজের সাধারণ মানুষদের থেকে নানান ক্ষেত্রে একটু পিছিয়েই থাকে। আর এদের প্রতি শৈশব থেকেই ইলার এক ধরণের দূর্বলতা কাজ করে। সে চেষ্টা করে বিশেষ শ্রেণীর এই মানুষদের জন্য কিছু করার। অন্যদিকে, বান্ধবী রিয়া একটি বধির স্কুলে শিক্ষকতা করে। সেই সুবাদে বাকপ্রতিবন্ধিদের জীবনের অনেক গল্প জানতে পারে ইলা। তাদের সাথে মিশতে গিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার এক পর্যায়ে ইলাও বিশেষ শ্রেণীর মানুষদের জন্য কিছু একটা করার আগ্রহ প্রকাশ করে বান্ধবী রিয়ার কাছে। এরই মধ্যে একদিন জয় তার গাড়িতে লিফট দেয় বাকপ্রতিবন্ধি এক কিশোরকে। বিদায় বেলায় ওই কিশোরের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে ইশারায় কথা বলে স্বাভাবিক মানুষ জয়। এই দৃশ্যটি দূর থেকে দেখে ইলা ভাবে জয়ও বাকপ্রতিবন্ধি। বাকপ্রতিবন্ধিদের প্রতি দূর্বলতার কারণে ইলাও অনেকটা দূর্বল হয়ে পড়ে সুদর্শন জয়ের প্রতি। অন্য একদিন জয়ের সাথে একটি রেস্টুরেন্টে দেখা হয় ইলার। তখন বধির শিশুদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল ইলা। এই দৃশ্যটি দেখে জয়ও ভেবেছিল ইলাও বাকপ্রতিবন্ধি। সেই থেকে ইলার প্রতি তার একটা ভালোলাগা কাজ করে। রেস্টুরেন্টে পরিচয় থেকে ঘনিষ্ঠতা। এরপর ধীরে ধীরে তা প্রণয়ে গড়ায়। এসএমএস-এর মাধ্যমে চলতে থাকে দুজনের হূদয়ের লেনদেন। হঠাত্ একদিন জয়ের জন্য পাত্রী ঠিক করে তার মা, আর ইলার জন্যও পাত্র ঠিক করে তার বাবা। মায়ের কথা রাখতে গিয়ে ইলাকে এড়িয়ে চলে জয়। জয়ের কাছ থেকে পাওয়া কষ্টের কারণে ইলাকে তার বাবা জানায় পাত্র ঠিক করতে। একসময় দুজনের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে গিয়ে ঘটে ভিন্ন ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। নাটকটিতে টয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, নাসিমা খানম প্রিমা, ইমরান সানী, শিখা কর্মকার, জামাল উদ্দিন লোটাস, নাসির, হায়দার সিদ্দিক, দ্বীপ, সাইমা প্রমুখ। বাংলা মিডিয়ার প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজক আবু মুসা ইমরান আহমেদ সানী। শীঘ্রই নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

