সরকারি অনুদানের ছবিতে জয়া
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৪
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক আকরাম খান। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন জয়া আহসান। এবার একই নির্মাতার সরকারি অনুদানপ্রাপ্ত ‘নকশি কাঁথার জমিন’ চলচ্চিত্রেও দেখা যাবে জয়াকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ছবির বিষয়ে জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে। তিনি এতে অভিনয় করবেন। এখন পর্যন্ত এটা নিশ্চিত। আগামী এপ্রিলে আমরা ছবির কাজ শুরু করবো। সৈয়দপুর আর মেহেরপুরে এর শুটিং করা হবে।’
নির্মাতা আরও জানান, ‘নকশি কাঁথার জমিন’ নির্মিত হবে জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে। দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়। সেই অধ্যায়গুলোই উঠে আসবে ক্যামেরার ফ্রেমে। এদিকে, আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত ছবি ‘রবিবার’। অতনু ঘোষের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।

