অনুমতি না পেয়ে সমাবেশ পেছাল বিএনপি

অনুমতি না পেয়ে সমাবেশ পেছাল বিএনপি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৮

খালেদাকে মেরে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর

উত্তরদক্ষিণ ষ পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত গতকাল শনিবারের বদলে আজ রোববার (২৪ নভেম্বর) সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির তারিখ পরিবর্তনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আগামীকাল (আজ) রোববার নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২টায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এজন্য আমরা ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়েছি।” দুর্নীতির দায়ে দণ্ডিত ও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চেয়ে রিজভী বলেন, ‘এদেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে। অথচ দেশনেত্রীর জামিন কিংবা সুচিকিত্সার ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ সরকারের নিষ্ঠুরতা যেন থামছেই না। জনগণ তাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনগণের সম্মিলিত শক্তি কারাগারের লৌহকপাট ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবেই।’ খালেদা জিয়াকে কারাগারে ‘মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে’ বলেও এসময় অভিযোগ করেন রিজভী। গত শুক্রবার (২২ নভেম্বর) কলকাতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাত্ অনুষ্ঠানে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা ছিল-প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার পানি নিয়ে একটা সুরাহা করে আসবেন। কিন্তু শেখ হাসিনা ও মমতা ব্যানার্জীর সাক্ষাত্ কেবল শাড়ি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শাহিদা রফিক, রবিউল ইসলাম রবি, জেডআই মূর্তজা তুলা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading