শাড়ির দোকানের সেলসগার্ল তানজিন তিশা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
অনেক আগেই নিজের অভিনয়শৈলী দিয়ে মিডিয়ার শক্ত অবস্থান তৈরি করেছেন। নিয়মিত অভিনয় করছেন ছোটপর্দায়। বলছি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার কথা। নাটকের প্রয়োজনে তাকে পাওয়া যায় বিভিন্ন চরিত্রে। সেই ধারাবাহিকতায় এবার শাড়ির দোকানের ‘সেলসগার্ল’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভালোবাসা তুই’। ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য ও নির্মাণের দায়িত্ব ছিল এসআর মজুমদারের কাঁধে। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে ‘সেলসগার্ল’ হিসেবে কাজ করেন তিশা! এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় অপূর্ব’র। এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় নাটকটির গল্প। নির্মাতা জানান, গল্পটি প্রেমের, কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশুনার পাশাপাশি বেছে নেন ‘সেলসগার্লের’ জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব। নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য, ‘গল্পটা যতটা প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, আসছে ডিসেম্বর মাসে বিশেষ এই নাটকটি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে সম্প্রচার হবে। একইদিনে সেটি উন্মুক্ত হবে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে।

