টুমরো’র ওয়ার্ল্ড প্রিমিয়ার
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৬ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
আগামী ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’। পরেরদিন দুপুর ১২টা ৩০মিনিটে পুনঃপ্রচার হবে। কাজী জাহিন হাসান, কাজী জিসান হাসান প্রযোজিত এ চলচ্চিত্র রচনা করেছেন নাসিমুল হাসান ও আহমেদ খান হীরক। ২৫ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেটেড ফিল্ম পরিচালনা করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশের সাইকোর স্টুডিওতে এটি নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রের গল্পে দেখানো হয়েছে, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে মেরু অঞ্চলের বরফ গলে তলিয়ে যাবে বাংলাদেশসহ আরো অনেক দেশ। ভবিষ্যতের পৃথিবী হবে খুব ভয়ংকর। সেই ভয়ংকর ভবিষ্যতকেই রাতুল নামের এক শিশু দেখে ফেলে অতিপ্রাকৃত চরিত্র ‘বাতাসের বুড়ো’-এর মাধ্যমে। যে রাতুল এতদিন প্রকৃতিকে উপেক্ষা করে গেছে, সেই রাতুলই এবার ভার নেয় পৃথিবীর ভবিষ্যত বদলানোর। তার সঙ্গী হয় পৃথিবীজুড়ে থাকা হাজারও শিশু-কিশোর। ধীরে ধীরে গড়ে ওঠে জনমত। জীবাশ্ম জ্বালানির ওপর করারোপসহ রাতুলেরা এমন কিছু করে, যাতে পৃথিবীর এই মহাদুর্যোগ শেষ পর্যন্ত মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে।

