মুজিববর্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে দেশের ১২৪ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২০ সালের ১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। স্পেলবাউন্ড লিও বার্নেট এর তত্ত্ববাধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর হাতিরঝিলের এম্পিথিয়েটারে হাফ-ম্যারাথন দৌঁড়ের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হবে ১ মার্চ। ১৮ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপনী হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন, লোগো ও জার্সি উন্মোচন হবে। চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং, ক্রিকেট ও বাস্কেটবল খেলা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে ফুটবল ও বাস্কেটবল, গণবিশ্ববিদ্যালয়ে ফুটবল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিকেট ও ব্যাডমিন্টন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যাডমিন্টন অনুষ্ঠিত হবে। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভলিবল, নর্থসাউথ ইউনিভার্সিটিতে টেবিল টেনিস, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দৌড় প্রতিযোগিতা এবং বিকেএসপি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।

