দুর্নীতির মামলা বিএনপি’র জামালকে আত্মসমর্পণের নির্দেশ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৮ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬
দুঃস্থদের চাল আত্মসাতে অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সাবেক সাংসদ ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে হাই কোর্ট। একই সঙ্গে দুদকের মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারিক আদালতে জামালকে দেওয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে দুদকের করা আবেদনে গতকাল বুধবার (২৭ নভেম্বর) এ আদেশ দেয় বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। দুঃস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত ২৩ সেপ্টেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ মো. মহসিন হকের আদালত তাকে অব্যাহতি দেয়। আদেশে বিচারক বলেন, ‘ফৌজদারী কার্যবিধির ২৬৫ (গ) অনুযায়ী দরখাস্তের প্রার্থনা মঞ্জুরক্রমে তাকে এই মামলার অভিযোগের দায় থেকে অব্যাহতিসহ বেখসুর গণ্যে খালাস প্রদান করা হলো।’ এ অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ২৫ নভেম্বর হাই কোর্টে আবেদন করে দুদক। খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, আবেদনের শুনানি করে আদালত রুল জারির পাশাপাশি নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলেছে। আত্মসমর্পণের পর তার জামিনের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। ২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে দুঃস্থদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ না করে আত্মসাত্ করার অভিযোগ এনে ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জমদ্দার বরিশালের বানরীপাড়ায় পৃথক ২০টি মামলা করেন। এসব মামলায় অভিযোগপত্র দাখিলের পর গত ২৩ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণের শুনানি শেষে সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দিয়ে দেন বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালত।

