অনিশ্চয়তায় পাকিস্তান সফর
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৪
আসন্ন পাকিস্তান সফর নিয়ে বিসিবি ও পিসিবির মধ্যে বিরোধিতামূলক অবস্থান তৈরি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে ঘরের মাঠেই খেলতে চায় পাকিস্তান। নিজেদের হোম সিরিজগুলো আর দেশের বাইরে খেলতে চায় না তারা। অথচ দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করতে নারাজ টাইগার টিম। তাই এখন অবধি অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর। খেলোয়াড় এবং কোচিং স্টাফরা পাকিস্তান সফরে নারাজ। সফর হলেও সেটি কেবল টি-টোয়েন্টির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। স্বল্প সময়ের জন্য পাকিস্তানে সফর করতে চাইলেও, দীর্ঘ সময় সেখানে অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছে খেলোয়াড়রা। তিন টি-টুয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে ২০২০’র জানুয়ারিতে পাকিস্তানে যাওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। এরমধ্যে টেস্ট সিরিজ আবার আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সফরে না গেলে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাবে বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যদি আমরা সফরে না যাই, তাহলে আমরা পিসিবিকে একটি নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করার জন্য অনুরোধ করতে পারি। যদি বিষয়টি আসে, আমরা আশা করছি আইসিসি আমাদের বিষয়টি বিবেচনা করবে।’ বিসিবির মতে, এই সফর হলেও এটি কেবল টি-টুয়েন্টিতেই সীমাবদ্ধ থাকতে পারে। বিসিবি এখনো সফর নিয়ে কোনকিছু প্রকাশ করেনি। ফলে অনিশ্চয়তা থেকেই গেছে।

