ফিরছেন সানিয়া মির্জা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
মা হওয়ার কারণে প্রায় দুই বছর ধরে টেনিস কোর্টে অনুপস্থিত সানিয়া মির্জা। এবার বিরতি শেষে কোর্টে ফেরার ঘোষণা দিলেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে হোবার্ট ইন্টারন্যাশনাল দিয়ে টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন সানিয়া। তিনি জানিয়েছেন, র্যাংকিংয়ের ৩৮ নম্বরে থাকা ইউক্রেনের নাদিয়া কিচোনোকের সঙ্গে জুটি গড়বেন তিনি। সংবাদমাধ্যমকে কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি এভাবে, ‘হোবার্টে আমি খেলব, এরপর লক্ষ্য অস্ট্রেলিয়ান ওপেন। মুম্বাইতেও একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা আছে, তবে সেটা ফিফটি-ফিফটি, আমার কব্জির অবস্থার ওপর নির্ভর করছে। তবে হোবার্ট ও অস্ট্রেলিয়া নিশ্চিত।’ দ্বৈত ও মিক্সড ডাবল মিলিয়ে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই ইন্ডিয়ান তারকা জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট। শরীরের অবস্থা আগের মতোই অনুভব করছেন তিনি, ‘সন্তান জন্ম দেওয়ার পর অনেক কিছুই বদলে যায়। জীবনের রুটিন ও ঘুমে পরিবর্তন আসে। এখন আমি ফিট অনুভব করছি। সন্তান হওয়ার আগের মতোই লাগছে।’ মিক্সড ডাবলেও সঙ্গী ঠিক করে নিয়েছেন সানিয়া। আমেরিকার রাজীব রামের সঙ্গে জুটি গড়বেন তিনি। একই সঙ্গে ২০২০ সালের অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নও দেখছেন ৩৩ বছর বয়সী এ তারকা। সূত্র: পিটিআই

