গুলির পর লন্ডন ব্রিজ বন্ধ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
যুক্তরাজ্যের রাজধানীর কেন্দ্রে অবস্থিত লন্ডন ব্রিজ থেকে গুলির শব্দ শোনা যাওয়ার পর তা ঘিরে রেখেছে পুলিশ। একদল মানুষকে সংঘাতে জড়াতে দেখা যাওয়ার পর সেখানে পৌঁছে গুলি ছোড়ে পুলিশ। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বড় ধরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডন ব্রিজের এক পাশে এক ব্যক্তির ওপর কয়েক ব্যক্তিকে হামলা চালাতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে গুলি ছুড়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। খালি করে দেওয়া হয় ওই এলাকা। তারপরেও ব্রিজের ওপর গুলির শব্দ শোনা গেছে। লন্ডন পুলিশ জানিয়েছে, সেতুর ওপর ছুরিকাঘাতের ঘটনায় তাদের ডেকে পাঠানো হয়। ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে একটি সাদা লরির দিকে পুলিশ সদস্যদের বন্দুক তাক করতে দেখা গেছে। বেশ কয়েকজন কর্মকর্তা ঘিরে রেখে সেটির পেছনের কন্টেইনার তল্লাশি করে। ঘটনাস্থলের আশেপাশে থাকা মানুষদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে লন্ডন পুলিশ।

