শিল্পকলায় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘দুরাশা’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩০ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
আজ (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর আলোচিত প্রযোজনা ‘দুরাশা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুরাশা’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। নির্দেশক সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘একক নাটক হিসেবে মঞ্চে আনা ব্যতিক্রমের নিরীক্ষাধর্মী প্রযোজনাগুলোর অন্যতম নাটক এটি। এ নাটকের কাহিনি অতৃপ্ত বাসনার বেদনাময় ইতিহাস। বর্তমানে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভালোবাসা, দেশপ্রেমের যে সংকট, সে জায়গা থেকে এই গল্পটি বেছে নিয়েছি।’
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘নিজেদেরকে আমরা ধার্মিক মনে করি কিন্তু প্রকৃত ধার্মিক সব সময় মানুষের প্রতি সহনশীল হয়ে থাকেন। ধর্ম মানুষকেভালোবাসতে শেখায়। কিন্তু এখন আমাদের কাছে মানুষ হিসেবেপরিচয় দেওয়ার চেয়ে হিন্দু কিংবা মুসলমান পরিচয় দেওয়াটাই বড় হয়ে উঠছে। ভালোবাসাটা যে বড় সেটা আর থাকছে না।’ নাটকটিতে একক অভিনয় করবেন সৈয়দা নওশীন ইসলাম দিশা। তিনি বলেন, ‘মঞ্চ আমার প্রেম আর নাটক আমার প্রেমের ফসল। আমার মনে হয়, প্রত্যেক অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে একক নাটক করার। আর সেই কাজটি যখন দর্শকদের বাহবা কুড়ায় তখন মনে হয়-জন্ম সার্থক। দুরাশা নাটকটি করার আগে যেমন স্বপ্ন ছিল, তেমনি ভয়ও ছিল। ভাবতাম, মানুষ আমাকে দেখবে কেন? এই নাটকের নির্দেশক আমাকে বলতেন-কেউ যদি অনুভব করে কিছু করে বা বলে তা মানুষের প্রাণ ছুঁয়ে যায়।’‘দুরাশা’ ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৫তম প্রযোজনা। অভিনয়ের পাশাপাশি নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা। অন্যান্য কলাকুশলীদের মধ্যে আলোক প্রক্ষেপণে আছেন শামীমুর রহমান, সংগীত পরিচালনায় আবদুল্লাহ আল মামুন, আবহসংগীতে জারিফ।

