আগামী ঈদে ‘মিশন এক্সট্রিম’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৪
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ৭ নাম্বার ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছবির ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিএমপি। এছাড়া উধ্বর্তন পুলিশ কর্মকর্তা, সিনেমাটির পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ সকল কলাকুশলী উপস্থিত ছিলেন। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম। ক্রাইম, থ্রিলার, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটির নির্মিত হচ্ছে বলে জানান নির্মাতা। সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলসহ প্রমুখ।

