আবারও একসঙ্গে অক্ষয়-ভূমি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
বছর কয়েক আগে ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে দর্শকের মন কেড়েছিল অক্ষয় কুমার-ভূমি পেডনেকর জুটি। তারপর থেকে এই দুই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় আর দেখা যায়নি। এবার বোধহয় সেই খরা কাটতে চলেছে। তবে এবার ছবির প্রধান চরিত্র ভূমি। তাকে যে চরিত্রে দেখা যাবে তার নাম দুর্গাবতী। চরিত্রের নামেই ছবির নাম ‘দুর্গাবতী’। ছবিটি একটি স্কেয়ারি থ্রিলার। সম্প্রতি ‘দুর্গাবতী’ ছবির কথা টুইটারে ঘোষণা করেছেন অক্ষয় কুমার। সেখানে প্ল্যাকার্ড হাতে তাকে ও ভূমিকে দেখা গিয়েছে। অক্ষয়ের হাতে যে প্ল্যাকার্ডটি রয়েছে, সেখানে লেখা আছে ‘প্রেজেন্টার’। আর ভূমির হাতে যেটি রয়েছে, সেখানে লেখা ‘হিরো’। অর্থাত্ ‘দুর্গাবতী’র ভূমিকায় দেখা যাবে ভূমিকে। ছবিটি পরিচালনা করবেন অশোক। পরের বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কে ধন্যবাদ দিয়ে ভূমি লিখেছেন, ‘এ রকম একটা ছবির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আমার পরবর্তী ছবি ‘দুর্গাবতী’। থ্রিলারে ভরপুর হবে এ ছবিটি। নতুন বছরেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ জানাই অক্ষয় স্যারকে, যিনি আমার উপরে ভরসা রেখেছেন এবং এই ছবিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন।’ ভূূমি পেডনেকর এখন ব্যস্ত রয়েছে ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির প্রোমোশনে। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে। ১৯৭৮ সালের ‘পতি পত্নী অউর উয়ো’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেই ছবিটিকেই এ যুগের মতো করে বানিয়েছেন পরিচালক মুদ্দাসর আজিজ। অন্যদিকে অক্ষয় কুমার ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি ‘গুড নিউজ’ নিয়ে। যেটি মুক্তি পাবে ২৭ ডিসেম্বর। শুক্রাণুর অদলবদল নিয়ে দুই পরিবারের গল্প উঠে এসেছে ছবিতে। ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘গুড নিউজ’। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর খান। সূত্র: আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।

