নাট্যসংগঠন স্বপ্নদলের ‘হেলেন কেলার’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৩ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৬
আজ (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’। মহীয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক ব্যতিক্রমী প্রযোজনা হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষিকা অ্যান স্যুলিভানের অতি-মানবিক প্রেরণায় সব নেতিবাচকতার বিরুদ্ধে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষিকা অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ! উঠে আসে নারী জাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজগ্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা, এমন উচ্চাঙ্গের অনুভবটিই শেষ পর্যন্ত প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত এ প্রযোজনায়। প্রসঙ্গত, জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ইন্ডিয়ার কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা’ আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চায়নসহ এ পর্যন্ত ২৩টি প্রদর্শনী হয়েছে ‘হেলেন কেলার’ প্রযোজনাটির।

