২ বছর পর সিনেমায় রেসি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২২
ঢাকাই ছবির একসময়ের ব্যস্ত নায়িকা রেসি। ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই নায়িকা। সর্বশেষ রেসি অভিনীত ‘নিয়তি’ ও ‘শূন্য’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে।
এখন চলচ্চিত্রে দেখা যায় না তাকে। সংসারের পাশাপাশি ব্যস্ত রয়েছেন নিজের বিউটি পার্লার নিয়ে। দুই বছর পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এক সময়ের এই দাপুটে অভিনেত্রী। ছবির নাম ‘ইয়েস ম্যাডাম’। ছবিটি পরিচালনা করবেন রকিবুল ইসলাম রাকিব। সম্প্রতি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এই নায়িকা। এ প্রসঙ্গে রেসি বলেন, ইয়েস ম্যাডামের মাধ্যমে দর্শক নতুন করে আমাকে পাবে। আমি তো ভালো কাজের জন্য অনেকদিন ধরে তৈরি আছি। এরমধ্যে অনেক ছবির প্রস্তাব এসেছে, কিন্তু আমি নিজের জন্য উপযুক্ত মনে করিনি।
আগামী ২০ ডিসেম্বর থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। জানা যায়, একটানা মাস খানেক শুটিং হবে। ‘ইয়েস ম্যাডাম’ প্রযোজনা করছে টুঙ্গিপাড়া ফিল্মস, প্রতিষ্ঠানটির কর্ণধার মিঠু শিকদার। রেসি ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। দুই ভিলেন চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

