এন্ড্রু কিশোরের জন্য ৫০ লাখ টাকার ফান্ড সংগ্রহ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৪ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬
প্লে-ব্যাক কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। কিংবদন্তি এই শিল্পীর ক্যান্সারের চিকিত্সার জন্য গঠন করা হয়েছে ফান্ড বা তহবিল। যে তহবিলে অবশেষে জমা হয়েছে ৫০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। এন্ড্রু কিশোরের চিকিত্সায় গঠিত এই ফান্ডে এখন পর্যন্ত সহযোগিতা করেছেন ফরিদুর রেজা সাগর, সৈয়দ আব্দুল হাদী, হানিফ সংকেত, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিত্, তপন চৌধুরী, জেমস, অনন্ত জলিল, মমতাজ বেগম, মেয়র আতিকুল ইসলাম, বাদল রায়, দিলারা আলো, কবির বকুল, দিনাত জাহান মুন্নি, চন্দন সিনহা, পলাশ সাজ্জাদ, দিঠি আনোয়ার, জলের গান প্রমুখ। এদিকে এন্ড্রু কিশোরের চিকিত্সার জন্য এই তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটা করা হয়েছে। এই ফান্ডেও সহযোগিতা করছেন অনেকেই। শিল্পীর পাশে ফাউন্ডেশন, সাউন্ডটেক, অনুপম রেকর্ডিং মিডিয়া, ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পীর চিকিত্সা সহায়তার জন্য ১০ লাখ টাকা দেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

