বিয়ের সাজে আবুল হায়াত-দিলারা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০
দেশবরেণ্য অভিনেতা আবুল হায়াতের পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় বিয়ের পাগড়ি। গলায় ফুলের মালা। তার পাশে বধূ সাজে বসে আছেন আরেক গুণী অভিনেত্রী দিলারা জামান। তাদের ঘিরে আছেন একদল তরুণ-তরুণী। সম্প্রতি একটি স্থিরচিত্রতে এমনই দৃশ্য দেখা গেছে। খবর নিয়ে জানা যায়, তারা এভাবে সেজেছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ের প্রয়োজনে। যার নাম ‘উত্সবের রাত’। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক সমরেশ মজুমদারের ‘উত্সবের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। আর এতেই এমন রূপে দেখা যাবে তাদের। বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। আলফা আই প্রযোজিত এই সিরিজ পরিচালনা করেছেন কলকাতার সায়ান দাসগুপ্ত। কিছুদিন আগেই কলকাতায় এই সিরিজের শুটিং হয়েছে। এতে লাক্স তারকা সৈয়দা তাজ্জি একটি চরিত্রে অভিনয় করেছেন। তাজ্জি বলেন, ‘এই কাজটির বিষয়ে আলফা আইয়ের শাহরিয়ার শাকিল ভাই আমাকে অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায়ই বলেছিল। দেশে আসার পর কাজটি যে করা হবে তা আগে থেকেই ঠিক করা ছিল। তবে গল্প এবং স্ক্রিপ্টের নানান বিষয় দেশে আসার পর জানতে পারি। আমি এমন একটি টিমে কাজ করতে পেরে সত্যিই মুগ্ধ। এখানে আমি মাহী চরিত্রে অভিনয় করেছি।’ ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ হোন সৈয়দা তাজ্জি। অভিনয় করেছেন নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনে। তবে এখন পুরোপুরি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানে মার্কেটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন।

