জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপস্থাপক ফেরদৌস-পূর্ণিমা
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪২তম আসর বসতে যাচ্ছে। সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস ও পূর্ণিমা। এবারই প্রথম তারা একসঙ্গে এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন। সেখানে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে ফেরদৌস ও পূর্ণিমাকে। এছাড়া এই অনুষ্ঠানে মো. খুরশীদ আলম, সামিনা চৌধুরী, মমতাজ, নকীব খান, ইমরান, কনা, সাব্বির, লিজা গান গাইবেন। নাচ পরিবেশন করবেন অপু বিশ্বাস, ববি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, তমা মির্জা ও ওয়ার্দা রিহাব। গত ৭ নভেম্বর একসঙ্গে ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ২০১৭ সালে ‘গহীন বালুচর’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক এবং একই বছর সেরা চলচ্চিত্র হয়েছে ‘পুত্র’। উপস্থাপনার পাশাপাশি ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে পুরস্কার গ্রহণ করবেন ফেরদৌস আহমেদ।

