মিতালীর বায়োপিকে তাপসী পান্নু
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩০
এই প্রথম মহিলা ক্রিকেটারের জীবনী আসতে চলেছে সিনেমার পর্দায়। ইন্ডিয়ান মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিতালী রাজকে নিয়ে সিনেমা করতে চলেছে বলিউড। ছবির নাম দেয়া হয়েছে ‘সাবাশ মিতু’। আর এতে মিতালীর চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু। গত ৩ ডিসেম্বর ছিল মিতালী রাজের ৩৭ তম জন্মদিন। এদিন তাপসীকে পাশে নিয়ে কেক কেটেছেন মিতালী। এরপর তিনি খাইয়ে দিয়েছেন। এসব মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে শেয়ার করে আবেগঘন কিছু কথা লিখেছেন তিনি। একইসঙ্গে মিতালীর কাছে কাভার ড্রাইভ শিখতে প্রস্তুতি নেওয়ার কথাও জানান ৩২ বছর বয়সী এই তারকা। তাপসী লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্যাপ্টেন মিতালী রাজ! আপনি আমাদের বিভিন্নভাবে গর্বিত করেছেন। আপনার বায়োপিকে অভিনয়ের জন্য নির্বাচিত হওয়া সত্যি সম্মানের। আপনার এবারের জন্মদিনে জানি না কী উপহার দেওয়া যায়। তবে এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, বড় পর্দায় নিজের জীবনের গল্প দেখে আপনি গর্বিত হবেন।’ কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, মিতালীর বায়োপিকে অভিনয় করবেন তাপসী। এবার আনুষ্ঠানিক ঘোষণা এলো। এটি পরিচালনা করবেন রাহুল ধোলাকিয়া। প্রযোজনায় ভায়াকম এইটিন মোশন পিকচার্স।
১৯৮২ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মিতালী রাজ। ইন্ডিয়ার নারী টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব করেছেন তিনি। এক্ষেত্রে তার সাফল্যের হার সবচেয়ে বেশি। নারীদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০৫ ও ২০১৭ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলেছেন তিনি। ভক্তরা তাকে বলে থাকে ‘ইন্ডিয়ার নারী ক্রিকেটের শচীন টেন্ডুলকার’। মহিলা ক্রিকেটের ইতিহাসে মিতালী রাজ একমাত্র ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। ইন্ডিয়ার হয়ে এখনও পর্যন্ত ১০টি টেস্ট, ২০৩টি ওয়ানডে, ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। পুরস্কার হিসেবে ঝুলিতে রয়েছে পদ্মশ্রী, অর্জুন পুরস্কার। এদিকে সবশেষ তাপসীকে দেখা গেছে ভূমি পেডনেকরের সঙ্গে ‘সান্ড কি আঁঁখ’ ছবিতে। উত্তর প্রদেশের বয়স্ক দুই শার্পশুটারের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এটি। তাপসীর হাতে এখন আছে আকর্ষ খুরানার ‘রেশমি রকেট’ ও অনুভব সিনহার ‘থাপ্পড়’। এর মধ্যে ‘রেশমি রকেট’ ছবিতে তাকে দেখা যাবে দৌড়বিদ চরিত্রে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

