বিসমিল্লাহ’তে শুভশ্রী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৫ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৮
এক নতুন ছবির ঘোষণা দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরবর্তী ছবি ‘বিসমিল্লাহ’-তে একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ’ ছবি দিয়ে টলিউডে ব্যাপক পরিচিতি পাওয়া শুভশ্রী তার ইনস্টাগ্রামে এই খবর জানানোর পর শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ‘বিসমিল্লা’ ছবিটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋদ্ধি সেনকে। কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা কৌশিক সেনের ছেলে ঋদ্ধি সেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন ২১ বছর বয়সী ঋদ্ধি। এ নতুন সিনেমার পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এটি তার তৃতীয় সিনেমা। এরই মধ্যে তিনি এ সিনেমার কাজও শুরু করেছেন। সিনেমার চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। শোনা যাচ্ছে, ঋদ্ধির বিপরীতে থাকবেন শুভশ্রী। নতুন বছরে শুরু হবে এ ছবির শুটিং। নায়িকা আপাতত ব্যস্ত ‘ধর্মযুদ্ধ’ নিয়ে। তারকাবহুল এ ছবিতে শুভশ্রী ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। সেখানে পাঁচটি চরিত্রকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রদায়িক বিদ্বেষ তুলে ধরবেন পরিচালক রাজ।

