দণ্ডিতদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৬ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০২
তিন বছর আগে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি (ডেথ রেফারেন্স) উচ্চ আদালতে পৌঁছেছে। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের রায়ে আসামির মৃত্যুদণ্ড হলে, সেই মৃত্যুদণ্ড কার্যকরের জন্য উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হয়। এক সপ্তাহের মধ্যে তা উচ্চ আদালতে পাঠানোর বাধ্যবাধকতা থাকে। সে অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডেথ রেফারেন্স আকারে বিচারিক আদালত থেকে হাই কোর্টে পৌঁছেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিয়ম অনুযায়ী এখন ডেথ রেফারেন্স নিয়ে পেপারবুক তৈরি হবে বিজি প্রেসে। ‘পেপারবুকটা হলেই আমরা সেটি আদালতে মেনশন করব দ্রুত শুনানির জন্য। এটা তো খুব সেনসেশনাল মামলা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব।’ ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান গত ২৭ নভেম্বর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। নব্য জেএমবির সাত সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)(অ) ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় রায়ে। আরও দুটি ধারায় তাদের কয়েকজনে দেওয়া হয় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে সেনাবাহিনীর সাঁজোয়া যান। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ১১ ঘণ্টা পর এ অভিযান শুরু হয়।জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানে সেনাবাহিনীর সাঁজোয়া যান। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ১১ ঘণ্টা পর এ অভিযান শুরু হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আব্দুস সবুর খান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তাদের মত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়ে বিচারক তার রায়ে বলেন, হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে আসামিরা ‘জঙ্গিবাদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার জঘন্য বহিঃপ্রকাশ’ ঘটিয়েছে। সাজার ক্ষেত্রে তারা কোনো অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলায় বিচারের মুখোমুখি করা আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে রায়ে।

