চুরির ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা!

চুরির ভয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৭ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩২

পেঁয়াজের দাম এ মুহূর্তে অন্য যেকোনও নিত্যপণ্যের তুলনায় অনেক বেশি। সুতরাং পেঁয়াজের প্রতি এখন চোরেরও দৃষ্টি পড়েছে। এক মণ পেঁয়াজ কোনোভাবে চুরি করতে পারলে তা বিক্রি করে হয়তো এক মাসের অন্য সব খরচ মেটাতে পারবেন চোর। কাজেই দেশের উত্তরাঞ্চলের ছোট চোরদের দৃষ্টি পেঁয়াজ ক্ষেতের দিকে! প্রায় রাতেই ক্ষেতের পেঁয়াজ চুরি হচ্ছে। এমন পরিস্থিতিতে রাতের ঘুম হারাম পেঁয়াজ চাষিদের। বাধ্য হয়ে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন বগুড়ার চাষিরা। বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষকরা এখন আর রাতে ঘুমান না। বিশেষ করে চরাঞ্চলের পেঁয়াজ ক্ষেতের পাশে ঝুপড়ি ঘর তুলে সেখানে রাতে থাকছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, ২ ডিসেম্বর রাতে সোনাতলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘরকান্দি গ্রামের কৃষক ইয়াসিন আলীর দুই শতক জমি থেকে পেঁয়াজ চুরি হয়। ৪ ডিসেম্বর রাতে খাবুলিয়া, জন্তিয়ারপাড়া ও আউচারপাড়া চরের ৬ কৃষকের জমি থেকে পেঁয়াজ চুরি হয়। তাই বাধ্য হয়ে সরলিয়া, খাবুলিয়া, মহব্বতেরপাড়া, আউচারপাড়া, ভিকনেরপাড়া, জন্তিয়ারপাড়া, খাটিয়ামারী, শিমুলতাইড়, দীঘলকান্দি, নওদাবগা, কর্পূর, মূলবাড়ি, ফাজিলপুর, মহিচরণ, বালুয়াহাট, মধুপুর, হরিখালী, পাকুল্লা, চারালকান্দি এলাকার কৃষকরা রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন। নওদাবগা গ্রামের কৃষক সোনাউল্লাহ জানান, এবার ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি।

বিভিন্ন এলাকায় পেঁয়াজ চুরির ঘটনায় তিনি চিন্তিত। চুরি থেকে বাঁচতে জমিতে পাহারার ব্যবস্থা করেছেন। খাবুলিয়া গ্রামের শামসুল হক জানান, ৫ বিঘা জমিতে তিনি পেঁয়াজ চাষ করেছেন। প্রতি রাতেই জমি থেকে পেঁয়াজ চুরি হচ্ছে। তিনিও জমিতে পাহারা বসিয়েছেন। এ বিষয়ে সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাছুউদ চৌধুরী জানান, পেঁয়াজ চুরির কথা শুনলেও গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল পর্যন্ত কোনও কৃষক অভিযোগ দেননি। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। এখন পর্যন্ত ৭০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। অক্টোবর থেকে বারী ১-৫, লালতীর, তাহেরপুরী, ফরিদপুরীসহ বিভিন্ন জাতের পেঁয়াজ চাষাবাদ শুরু হয়। এরই মধ্যে বাজারে স্বল্প পরিমাণ পেঁয়াজ উঠেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading