পঞ্চম জাতীয় যন্ত্রসঙ্গীত শিল্পী সম্মিলন অনুষ্ঠিত
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৮ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৬
বাংলাদেশ মিউজিশিয়ান্স ফাউন্ডেশনের (বিএমএফ) আয়োজনে অনুষ্ঠিত হলো পঞ্চম জাতীয় যন্ত্রসঙ্গীত শিল্পী সম্মিলন-২০১৯। গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে যন্ত্রসঙ্গীত শিল্পীরা যোগদান করেন এ সম্মিলনে। সকাল সাড়ে ১১টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করেন। বিকেলে সাংগঠনিক অধিবেশনে দেশের যন্ত্রশিল্পীরা মতবিনিময় ও যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় সম্মিলনের মূল পর্বে শুরু হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। মূল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্ত্র শীল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ এবং লাইলাক কমিউনিকেশন্সের চেয়ারম্যান সেলিনা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানটিতে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

