বেড নাম্বার সিক্সটিন
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮
বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেড নাম্বার সিক্সটিন’। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। নাটকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম আর নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। এতে আরও অভিনয় করছেন সুজাত শিমুল, শফিউল আলম বাবু, মাহাবুব, আখন্দ জাহিদ প্রমুখ। নাটকটিতে দেখা যাবে, গল্পটা ১৯৭১ সালের জুন মাসের। ত্রিপুরার মেলাঘর ক্যাম্পের পাশে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। ছনের ছাউনি দেওয়া একটা ঘরের চালে বাংলায় লেখা, ‘বাংলাদেশ হাসপাতাল’। সোনামুরার কাছে একটা গোয়াল ঘরকে পরিস্কার করে হাসপাতালের যাত্রা শুরু। কিছু বাংলাদেশি এবং ইন্ডিয়ান মেডিক্যাল ফেলোদের নিয়ে বাংলাদেশের প্রথম হাসপাতাল এটা। পরবর্তী সময়ে মেজর আকতার এবং মেজর খালেদ মোশারফের সহযোগিতায় রিফিউজি ক্যাম্পের পাশেই এই ফিল্ড হাসপালাতটি তৈরি হয়। ডক্টর এ ইএচ সাইদুর রহমান ছিলেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট। সেক্রেটারি ডক্টর জাফরুল্লাহ। তরুণ অর্থোপেডিক সার্জন ডক্টর এম এ মনিব ছিলেন সঙ্গে। গেরিলা যোদ্ধাদের প্রাথমিক চিকিত্সা এবং রিফিউজি ক্যাম্পের সদস্যদের সেবাদানের প্রকল্প ছিল এই হাসপতাল। প্রথমে ২৪ শয্যা বিশষ্টি হলেও পরে তা ৪০০’র উপরে উন্নীত করতে হয়। বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা রহমান এই হাসপাতালের দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধের শেষ দিন পর্যন্ত। জেনারেল ওসমানি এই হাসপাতাল পরিদর্শন করেন। মহান মুক্তিযুদ্ধের এমনই কিছু তথ্য নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর নাটকটি যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

