‘সবাই বলেছে, ক্যারিয়ার শেষ হয়ে যাবে’
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৪
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘গুড নিউজ’। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিলজিত্ দুসাঞ্জ, কিয়ারা আদভানি। ছবিটির প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। তারপরও ঘুরে ফিরে তার কাছে প্রশ্ন চলে আসে সংসার-সন্তান নিয়ে। মা হওয়ার আগে অনেকেই বলেছিলেন ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাদের মুখে ছাই দিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কারিনার সম্প্রতি কথা হয় এক ইন্ডিয়ান গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি বলেন, ভালোবাসা কোনো অপরাধ নয়। বিয়ের সিদ্ধান্ত নেয়ার সময় ভেবেছিলাম, আমি কারো সঙ্গে ভালোবাসার সম্পর্কে আছি, আমি বিবাহিত-এজন্য কেউ যদি আমার সঙ্গে কাজ করতে না চায়, না-ই করতে পারে। কিন্তু আমার যা খুশি করব। সবাই বলেছিল, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম, হোক। কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছি তাই করব এবং এই মানুষটির সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। এখন পর্যন্ত আমার কাছে এটি সেরা সিদ্ধান্ত মনে হয়েছে। ছেলের জন্মের পর কারিনার প্রথম সিনেমা ‘বীরে ডি ওয়েডিং’। এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সিনেমার শুটিং করার কথা ছিল। কিন্তু ইন্সুরেন্স না হওয়ায় প্রযোজক শুটিং করতে পারেননি। প্রযোজক জানিয়েছিলেন, তারা আমাকে সহযোগিতা করবেন এবং চিত্রনাট্যে আমাকে অন্তঃসত্ত্বা দেখাবেন। কিন্তু পরবর্তী সময়ে জানান, ইন্সুরেন্স না পাওয়ায় শুটিং করতে পারছেন না। তাদের বলেছিলাম, আমাকে ছাড়াই সিনেমাটি চালিয়ে যেতে। তিনি একজন নারী প্রযোজক এবং তিনজন অভিনেত্রীকে নিয়ে সিনেমাটি তৈরি করার পরিকল্পনা করেন। নয় মাস পর আমরা শুটিং করি। শুটিংয়ে আমার ছেলে সঙ্গে ছিল। মুক্তির পর এটি ভালো ব্যবসা করে। মনে করি এটিও আমার সেরা সিদ্ধান্তগুলোর একটি। বর্তমানে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং করছেন এই অভিনেত্রী।

