হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। দীর্ঘ ২৮ দিন ধরে ইন্ডিয়ার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিউমোনিয়া চিকিত্সা নেওয়ার পর গত রবিবার (০৮ ডিসেম্বর) রাতে সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। বাড়ি ফেরার খবরটি লতা নিজেই টুইট করে জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, ২৮ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল। চিকিত্সকরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে ছাড়ছিলেন না, তাই এতদিন হাসপাতালেই ছিলাম। চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। এছাড়া তার পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জীবন্ত কিংবদন্তি। গত ১১ নভেম্বর ৯০ বছর বয়সী এই শিল্পীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তার শ্বাসকষ্ট ছিল। পরে নিউমোনিয়া ধরা পড়ে। গান গেয়ে বহু সম্মাননা অর্জন করেছেন লতা মঙ্গেশকর। এর মধ্যে রয়েছে পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড , ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার, পদ্মবিভূষণ, ‘ভারতরত্ন’ ও ডটার অব দ্য ন্যাশন উপাধি ।

