ইলিশ কিনলেই পেঁয়াজ ফ্রি!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১০ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:০২
কোন কিছুতেই পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। শুধু বাংলাদেশে নয় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ইন্ডিয়াতেও। পেঁয়াজের এই অস্থিরতার মধ্যেই একটি পদ্মার ইলিশ কিনলেই এক কেজি পেঁয়াজ ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাজারে মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম। ইন্ডিয়ান সংবাদমাধ্যম এই সময় জানায়, কলকাতায় শেখ নজরুল ইসলামের দোকানে গেলেই দেখা যাবে ইলিশের সঙ্গে ব্যাগ ভর্তি পেঁয়াজও নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তার দোকানটি খুঁজে পেতে বিশেষ সমস্যা হবে না। কারণ বাজারের চতুর্দিক ঢেকে গেছে বড় বড় বিজ্ঞাপনে। যেখানে বেশ মোটা অক্ষরে লেখা রয়েছে ‘ফ্রি ফ্রি ফ্রি।’ না, গোপন কোনো শর্তাবলিও প্রযোজ্য নয়। যে ওজনেরই মাছ কিনবেন, একটি গোটা ইলিশ নিলেই পেয়ে যাবেন এক কেজি পেঁয়াজ। প্রায় ৪০ বছরের পুরোনো দোকানি নজরুল ইসলাম জানালেন, তার দোকানে এখন ১,৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। শনিবারই এমন ধামাকা অফার চালু করেছেন তিনি। এই মাছ বিক্রেতা বলেন, ‘পেঁয়াজের যা দাম বেঁড়েছে, তাতে যদি পদ্মার ইলিশের সঙ্গে তা বিনামূল্যে মেলে, তাহলে তো ক্রেতাদের ভালো লাগবেই। তাদের চমক দিতেই এই প্রয়াস।’ ইতোমধ্যেই ক্রেতারা অফারটি লুফে নিতে শুরু করেছেন। আগামী বুধবার (১১ ডিসম্বর) পর্যন্ত থাকছে অফারটি।

