খালেদার মেডিকেল রিপোর্ট সুপ্রিমকোর্টে, ফখরুলের সন্দেহ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৪
দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়া স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউ থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের বিষয়ে আদালতের আদেশ হতে পারে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। তবে চিকিত্সকদের দেওয়া প্রতিবেদনই বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালতে পাঠিয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ড মাথায় নিয়ে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিত্সাধীন। বিভিন্ন মামলায় জামিন হওয়ার পর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলাটিতে জামিন হলেই খালেদার মুক্তির পথ খুলবে বলে আশা করছেন তার আইনজীবীরা। গত ৫ ডিসেম্বর আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষ চিকিত্সা প্রতিবেদন দিতে না পারায় এজলাসে তুমুল হট্টগোলের মধ্যে তাদের আরও ছয় দিন সময় দিয়ে ১২ ডিসেম্বর আদেশ দেওয়ার দিন ঠিক করে আদালত। আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের প্রতিনিধিদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ঢুকতে দেখা যায়। তাদের একজনের হাতে ছিল বিএসএমএমইউর লোগো সম্বলিত খাকি রঙের ফাইল। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে সাংবাদিকদের কেউ কিছু বলতে রাজি হননি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলব না।

