‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ আজ
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
আজ বৃহস্পতিবার, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তৃতীয় বারের মতো বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যথাযথ মর্যাদায় জেলা-উপজেলাসহ দেশব্যাপী দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নির্বাচনী ইশতেহারে ২০০৮ সালে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন। ডিজিটাল বাংলাদেশের গুরুত্ব ও তাত্পর্য অনুধাবন করে মন্ত্রিসভা বৈঠকে ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন কর্মসূচি সম্পর্কে জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হবে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আইসিটি বিভাগের সকল কর্মকর্তাগণ এসময় উপস্থিত থাকবেন।

