বাংলাদেশের সঙ্গে নেই ল্যাঙ্গাভেল্ট
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১০
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে চলতি বছরের জুলাই মাসে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গাভেল্টকে। তার সঙ্গে বিসিবি’র চুক্তি ছিল ২০২০ সাল পর্যন্ত। তবে নিজ দেশের (দক্ষিণ আফ্রিকা) জন্য আচমকাই পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্য দিয়ে পাঁচ মাসের মাথায় ল্যাঙ্গাভেল্টের সঙ্গে বাংলাদেশের চুক্তির অবসান হল। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা তার কাছ থেকে একটি পদত্যাগ পত্র পেয়েছি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ক্রিকেটীয় সম্পর্ক বেশ শক্তিশালী। আমরা সেটার প্রতি সম্মান প্রদর্শন করছি। আমরা আরো একটি বিষয় বিবেচনায় নিয়েছি। সেটা হল ল্যাঙ্গাভেল্ট দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। সে কারণে দেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে। দেশের হয়ে কাজ করতে চেয়েছেন। তার চাওয়ার প্রতিও আমরা সম্মান প্রদর্শন করছি। সবকিছু বিবেচনা করে বোর্ড তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ (গতকাল) সেটা কার্যকর হবে।’ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন ক্রিকেট ডিরেক্টর হয়েছেন গ্রায়েম স্মিথ। তিনি দায়িত্ব নিয়েই নানা পরিবর্তন আনতে শুরু করেছেন। কোচ হিসেবে দায়িত্ব দিয়েছেন তার সাবেক সতীর্থ মার্ক বাউচারকে। জ্যাক ক্যালিসকেও রেখেছেন বিবেচনায়। শার্ল ল্যাঙ্গাভেল্টকেও তিনি চেয়েছেন। নিজ দেশের হয়ে কাজ করার সুযোগ পেয়ে ল্যাঙ্গাভেল্টও বাংলাদেশের দায়িত্ব ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা গ্রহণ করায় দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হতে তার আর কোনো বাঁধা রইলো না।

